Tuesday, July 21, 2026
PrimeBulletin

Arts

‘তোমাদের একদিন বিচ্ছেদ হবেই’

‘তোমাদের একদিন বিচ্ছেদ হবেই’

বলিউডের ‘ভাইজান’ সালমান খানের চোখকে ফাঁকি দেওয়া যে সহজ কথা নয়, তা আরও একবার প্রমাণিত হলো। বলিপাড়ার তারকা দম্পতি সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের প্রেম যখন অঙ্কুরেই ছিল, তখনই নাকি তা ধরে ফেলেছিলেন সালমান। শুধু তা-ই নয়, দুজনের প্রেমের ভবিষ্যৎ নিয়ে এক চমকপ্রদ ভবিষদ্বাণীও করেছিলেন তিনি! সম্প্রতি এক চ্যাট শোতে এসে সালমান খানের সেই মজার কিন্তু দূরদর্শী মন্তব্য ফাঁস করেছেন এই তারকা জুটি।

অভিনেতা জাহির ইকবাল ও সোনাক্ষী সিনহার সাত বছরের গোপন প্রেম এবং পরবর্তীতে বিয়ের পেছনে অন্যতম অনুঘটক ছিলেন সালমান খান। সালমানের আয়োজিত একটি পার্টিতেই তাদের প্রথম দেখা। তবে তারা নিজেরা প্রেমের কথা স্বীকার করার বহু আগেই বিষয়টি ধরে ফেলেছিলেন ভাইজান।

সম্প্রতি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীর জনপ্রিয় চ্যাট শো ‘ডাবল ডেট’-এ অতিথি হিসেবে হাজির হয়ে প্রেমের শুরুর দিনগুলোর এক দারুণ গল্প শোনান এই জুটি। সোনাক্ষী ও জাহির দুজনেই তখন সম্পর্কের বিষয়টি বারবার অস্বীকার করতেন, কিন্তু সালমান সব দেখেশুনে ঠিকই বুঝে নিয়েছিলেন ভেতরের খবর।

স্মৃতিচারণ করে সোনাক্ষী সিনহা বলেন, ‘আমাদের মধ্যে যে বিশেষ একটা সম্পর্ক তৈরি হয়েছে, সেটা স্পষ্টই বোঝা যাচ্ছিল। সালমান তো বোকা নন। উনি সবই দেখেছিলেন। যখনই আমাকে জিজ্ঞেস করতেন, আমরা বলতাম, ‘আমাদের মধ্যে কোনও সম্পর্ক নেই।’ এক দিন তিনি বললেন, ‘দেখো, এক দিন না এক দিন তোমাদের বিচ্ছেদ হবে। তখন তুমি এসে কাঁদবে, ও এসে কাঁদবে। আমি তোমাদের দু’জনকেই ভালোবাসি। তাই কারও পক্ষ নিতে চাই না।’ কথাটা শুনে আমরা দু’জনেই অবাক হয়ে গিয়েছিলাম। কারণ, তিনি সব বুঝে ফেলেছিলেন।’

এখানেই শেষ নয়, সোনাক্ষী জানান, পরবর্তীতে একটি ট্রেকিংয়ে গিয়েও জাহিরকে আলাদা ডেকে নিয়ে সালমান বলেছিলেন, ‘সবই কিন্তু বোঝা যাচ্ছে।’ সালমানের সেই মন্তব্য শোনার পরই সোনাক্ষী ও জাহির নিশ্চিত হন যে, তাদের প্রেম ভাইজানের চোখ এড়াতে পারেনি।

উল্লেখ্য, প্রায় সাত বছর নিজেদের প্রেমের সম্পর্কটি আড়ালে রেখেছিলেন এই জুটি। অবশেষে সব গুঞ্জন ও জল্পনার অবসান ঘটিয়ে ২০২৪ সালের জুন মাসে বিয়ের পিঁড়িতে বসেন সোনাক্ষী ও জাহির।

More